কুড়িগ্রামের উলিপুরে দুই দফা ঝড়-বৃষ্টিতে ৩ গ্রামের অর্ধশতাধিক ঘর-বাড়ি, ২টি শিক্ষা প্রতিষ্ঠান লণ্ডভণ্ড হয়ে গেছে। এসময় এলাকার শতাধিক গাছ-পালা উপড়ে পড়ে। সেই সাথে কৃষকের পাকাধান ও পাটক্ষেতসহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়।
জানা গেছে, গতকাল শুক্রবার প্রথম দফায় সকাল ৬টা ও দ্বিতীয়দফা সকাল সাড়ে ৮টায় উপজেলার বজরা ইউনিয়নের খামার বিররহিম, চরবজরা, সাতালস্কর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে প্রায় অর্ধশতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। বজরা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম আমিন জানান, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মানুষজন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। এছাড়া বজরা এলকে আমিন ডিগ্রি কলেজের আধাপাকা ঘর ও বজরা উচ্চ বিদ্যালয়ের টিনসেড ঘর ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুত্ সমিতির উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইয়াকুব আলী শেখ জানান, ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সমিটারসহ শতাধিক স্থানে গাছ-পালা তারের ওপর উপড়ে পড়ায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।