কম্বোডিয়ায় মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪০
‘আজ আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তৃতীয় পর্যায়ের চতুষ্কোণী কৌশল গ্রহণ করা। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই করতে এবং দারিদ্র্য বিমোচনে সকল ক্ষেত্রের সংস্কারে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। গতকাল বুধবার মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে কম্বোডিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী হুন সেন এসব কথা বলেন। এদিকে দেশটির বিরোধী দল ন্যাশনাল রেসকিউ পার্টি (সিএনআরপি) এ সরকারকে প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে। -খবর সিনহুয়ার। এর আগে দেশটির বিরোধী দল জালিয়াতির অভিযোগে নির্বাচনের ফলাফল বর্জন করে। শান্তি প্রসাদে মন্ত্রিপরিষদ সদস্যদের উদ্দেশে হুন বলেন, পঞ্চম জাতীয় সংসদের কার্যক্রম শুরু হয়েছে। এটা কম্বোডিয়ার জন্য একটি ঐতিহাসিক মাইলস্টোন। মঙ্গলবার পার্লামেন্টে শাসক দলের ৬৮ জন সাংসদ ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। এরপর বিকেলের দিকে রয়াল প্যালেসে রাজা নরদম সিহামনির উপস্থিতিতে ক্যাবিনেট সদস্যদের নিয়ে তিনি শপথ গ্রহণ করেন। এদিকে দেশটির বিরোধী দলীয় নেতা স্যাম রেইনসি দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা এ সরকারকে মেনে নেব না। তারা সংবিধান লংঘন করেছে এবং বহুদলীয় স্বাধীন গণতন্ত্রকে অস্বীকার করেছে। তাছাড়া কোন অবস্থাতেই সরকারকে সহযোগিতা না করার কথাও বলেন তিনি। তিনি নবগঠিত সরকারের প্রতি নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। এছাড়া কোন ধরনের চুক্তি না করতে বড় বড় দাতা সংস্থাদেরকেও অনুরোধ জানান স্যাম। তবে হুন বলছেন, সংবিধান অনুযায়ীই সরকার গঠন করা হয়েছে। গত ২৮ বছর ধরে হুন সেন (২৮) দেশটির ক্ষমতায় রয়েছেন। এবার আরো পাঁচ বছরের জন্য তিনি শপথ গ্রহণ করলেন।