উত্তর কোরিয়ায় প্রযুক্তি রপ্তানিতে চীনের নিষেধ

পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব এমন কিছু প্রযুক্তি উত্তর কোরিয়ায় রপ্তানি নিষিদ্ধ করেছে চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় সোমবার এই নিষিদ্ধ পণ্যের একটি তালিকা প্রকাশ করেছে যাতে পরমাণু বিস্ফোরক ডিভাইসে ব্যবহূত উপাদান ও রকেট প্রযুক্তিও রয়েছে বলে বিবিসি জানিয়েছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এই তালিকা প্রকাশের কারণ হিসাবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের সিদ্ধান্তকে সহায়তা করবে যা শিগগিরই কার্যকর হবে। বিশ্লেষকরা বলছে, এই নিষেধাজ্ঞার ফলে এটাই প্রতীয়মান হচ্ছে যে, চীন তার মিত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে যাচ্ছে। নিষিদ্ধের তালিকায় পরমাণু প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র, রাসায়নিক এবং জৈব উপাদানও রয়েছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বেশ কয়েকটি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে চীন। উত্তর কোরিয়ার একমাত্র মিত্র চীন দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদার। এরআগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের বিভিন্ন নিষেধাজ্ঞার ব্যাপারে চীন দেশটির পরমাণু কর্মসূচির ওপর কঠোর পদক্ষেপ গ্রহণ করছে না বলে পশ্চিমা বিশ্ব সমালোচনামুখর হয়েছিল।