নেইমারের প্রথম গোল

জিতেই চলেছে বার্সা ও অ্যাতলেটিকো

বার্সেলোনার হয়ে নেইমার এবার স্প্যানিশ লিগে গোলের সূচনা করলেন। এর আগে স্প্যানিশ জায়ান্টদের হয়ে সুপার কাপে লক্ষ্যভেদ করলেও লা লিগায় কিছুতেই যেন গোল পাচ্ছিলেন না ২১ বছরের খেলোয়াড়টি। শেষ পর্যন্ত মেসির সাথে যুুগলবন্দীতে গত মঙ্গলবার রাতে ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড়টি সফল হলেন রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে দলের ৪-১ গোলের জয়ে। নেইমার এর আগে মালাগা, ভ্যালেন্সিয়া, সেভিয়া ও রায়ো ভালকানোর বিরুদ্ধে গোল করতে ব্যর্থ হন। এ জয়ে চলতি মৌসুমে শতভাগ সফলতা ধরে রেখেছে বার্সেলোনা। লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেও অবস্থান অব্যাহত রেখেছে দলটি। একই রাতে জয়ের ধারা ধরে রাখে অ্যাতলেটিকো মাদ্রিদও। দলটি ওসানসুনাকে হারিয়েছে ২-১ গোলে। চলতি মৌসুমেই প্রথমবারের মতো ইউরোপে খেলতে আসা নেইমার খেলা শেষে একটি টেলিভিশন চ্যানেলকে বলেন,‘লিগে প্রথম গোল করতে পেরে আমি খুশি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জয়লাভ করা। আমরা খুবই ভাল খেলেছি। প্রতিটি খেলায় আমরা উন্নতি করছি। আমি আরো বেশি বেশি করে সেটি উপভোগ করছি।’ কোচ জেরার্ডো মার্টিনোও নেইমারের খেলার প্রশংসা করেন। তিনি ব্রাজিলীয়টিকে ব্যতিক্রমী খেলোয়াড় হিসেবে বর্ণনা করে বলেন,‘দলের জন্য তার ত্যাগের মনোভাব দারুণ’। নেইমার ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত খেলাটিতে মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন। পঞ্চম মিনিটেই অ্যালেক্সি সানচেজের ক্রসে গোল করেন নেইমার। তিন মিনিট পর লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের ব্যবধান বাড়িয়ে দেন লিওনেল মেসি। তিনি নেইমারের ক্রস আয়ত্তে নিয়ে দুর্দান্ত এক হেডে গোল করেন। প্রথমার্ধ শেষ হবার আগেই প্রায় ২০ গজ দূর থেকে হাঁকানো শটে গোল করে বার্সাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন সার্জিও বাসকোয়েট। স্বাগতিকদের হয়ে শেষ গোলটি করেন মার্ক বার্ত্রা। এর আগে অবশ্য সোসিয়েদাদের হয়ে এক গোল শোধ করেন আলবার্তো ডি লা বেলা। এদিকে টানা ষষ্ঠ জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদকে। মাত্র ২৫ মিনিটের মধ্যেই দুই গোল করে স্বাগতিকদের চালকের আসনে বসিয়ে দেন দিয়াগো কস্তা। যদিও ৪২ মিনিটেই সফরকারীদের পক্ষে ওরিওল রিয়েরা এক গোল পরিশোধ করে স্বাগতিকদের চাপে ফেলে দেয়। ওসানসুনা অবশ্য দ্বিতীয়ার্ধে স্বাগতিক দলকে ছাড়িয়ে যাওয়ার একাধিক সুযোগ পেয়েছিল। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। আগামী শনিবার ‘ডার্বি’ ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে অ্যাতলেটিকো। তার আগে স্বস্তির এই জয়ে তারা অন্তত দুই পয়েন্ট এগিয়ে থেকেই এ লড়াইয়ে অবতীর্ণ হতে পারবে। এদিকে আরেক ম্যাচে মালাগা ২-০ গোলে আলমেরিয়াকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে গোল করেছেন ফার্নান্দো টিসনি ও ফ্রান্সিসকো পর্টিলো। এছাড়া দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় ১০জন নিয়ে খেলেও লেভান্তে ১-১ গোলে ড্র করেছে ভায়াডোলিডের সঙ্গে। মেসির সাথে বনিবনায় ঘাটতির কথায় কোচের অস্বীকৃতি এদিকে খেলাটির ১০ মিনিট বাকি থাকতে মেসিকে মাঠ থেকে তুলে নেয়ার ঘটনায় টানা চারবারে ফিফা বর্ষসেরা খেলোয়াড়টি নাখোশ হয়েছেন বলে স্প্যানিশ গণমাধ্যমে বলা হচ্ছে। কিন্তু কোচ জেরার্ডো মার্টিনো জানিয়েছেন তার বাধ্যবাধকতাই হলো মেসির সুরক্ষা। মেসির স্বদেশী এই কোচ বলেন,‘আমরা চাই মৌসুমের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর জন্য সে যেন স্বাস্থ্যবান থাকে। আমাদের যদি সুযোগ থাকে তবে আমরা তাকে কিছুটা বিশ্রাম দেয়ারও চেষ্টা চালাবো। লিও অবশ্য সব ম্যাচই খেলতে চায়।’