আজীবন নিষিদ্ধ লোলিত মোদী

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) প্রাক্তন চেয়ারম্যান লোলিত মোদীকে আজীবন নিষিদ্ধ করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। এর ফলে মোদী ভবিষ্যতে আর ক্রিকেট প্রশাসক হিসেবে বোর্ডে কোন দায়িত্ব পালন করতে পারবেন না। গতকাল বুধবার চেন্নাইয়ে বোর্ডের বিশেষ সভায় আর্থিক অনিয়মের জন্য মোদীকে আজীবন নিষিদ্ধের কথা ঘোষণা করে সংস্থাটির শৃঙ্খলা রক্ষা কমিটি। তার বিরুদ্ধে সব মিলিয়ে আটটি ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে বোর্ড। এর মধ্যে রয়েছে আইপিএলের নিলামের সময় দু’টি ফ্রাঞ্চাইজিকে অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দেয়া, ফ্রাঞ্চাইজিদের ভয় দেখানো এবং আইপিএলের সমপ্রচার স্বত্ব নিয়ে প্রায় আট কোটি ডলার নয়-ছয় করার। মোদীর আইনজীবীরা ভারতীয় বোর্ডের সাথে হাইকোর্ট সুপ্রিম কোর্টের লড়াইয়ে পরাস্ত হওয়ার পর এই সিদ্ধান্ত এলো। গতকাল ভারতীয় বোর্ডের বিশেষ সাধারণ সভাটির উপর স্থগিতাদেশ বাতিল করে দিল্লী হাইকোর্ট। এ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় মোদীর আইনজীবীরা। কিন্তু সভাটি শুরুর চার ঘন্টা আগে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশের আবেদন খারিজ করে দেয়। এরপর প্রত্যাশা অনুযায়ী ভারতীয় বোর্ডের এই সভায় মোদীকে নিষিদ্ধ করা হয়। উল্লেখ্য মোদীকে নিষিদ্ধ করতে ৩১ জন সদস্যের মধ্যে ২১ জনের ভোট দরকার ছিল বিসিসিআইয়ের। -বাসস