কাতার বিশ্বকাপের সময় নিয়ে আলোচনা করবে ফিফা

কাতারে অনুষ্ঠেয় ২০২২ বিশ্বকাপ ফুটবলের সময় নিয়ে বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরেই। বিশ্ব ফুটবলের নির্বাহী সংস্থা ফিফার সভাপতি সেপ ব্লাটার ইতোমধ্যেই কাতারকে আয়োজক করার পেছনে রাজনৈতিক প্রভাব ছিল বলে স্বীকার করেছেন। অনেক সদস্য রাষ্ট্রই এ টুর্নামেন্টের সময় নিয়েও প্রশ্ন তুলেছে। আর এসব কিছুর পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত নির্বাহী কমিটির আগামী সভায় বিশ্বকাপের সময় নিয়ে আলোচনা হবে বলে নিশ্চিত করেছে ফিফা। তবে গত জুলাই মাসে এমন কিছু করার কথা অঙ্গীকার করেছিলেন ব্লাটার। কাতারে গ্রীষ্মকালে অত্যধিক গরম থাকে বলে ওই সময় টুর্নামেন্টে অংশ নেয়া ‘অসম্ভব’ বলে গত সপ্তাহে একমত পোষণ করে ইউরোপীয় ফুটবল ফেডারেশনগুলো। তবে সমস্যা আছে এখানেও। কেননা টুর্নামেন্ট শীতকালে সরিয়ে নিলে ব্যাঘাত ঘটবে ইউরোপিয়ান লিগগুলোর নিয়মিত সূচীতে। তাই টুর্নামেন্টের সময় পরিবর্তন করে জুন-জুলাই মাস থেকে অন্য কোন সময়ে সরিয়ে নিতে উন্মুক্ত আলোচনার আহ্বান জানিয়েছিলেন তারা। আলোচনার মাধ্যমেই একটা সমাধান হওয়া দরকার বলে জানিয়েছেন তারা। ধারণা করা হচ্ছে এর পরিপ্রেক্ষিতেই নিজেদের অবস্থান পাল্টাল ফিফা। তারা এক বিবৃতিতে জানায়, আগামী ৩-৪ অক্টোবর ফিফা বৈঠকের এজেন্ডায় ‘ফিফা বিশ্বকাপ কাতার টুর্নামেন্টের সময়’ উল্লে¬খ করা হয়েছে। অবশ্য পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কাতার। দেশটির ফুটবল ফেডারেশন গত শুক্রবার পুনরায় দাবী করেছে স্টেডিয়ামের জন্য পরিবেশবান্ধব ঠাণ্ডা পদ্ধতি ব্যবহার করে গ্রীষ্মকালেও টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব।