প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াইজ শাহ

প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ওয়াইজ শাহ। ছোট দৈর্ঘ্যের ক্রিকেটে বেশি মনোযোগ দেবার তাগিদেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ওয়াইজ। ইংল্যান্ডের পক্ষে ছয়টি টেস্ট এবং ৮৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ৩৪ বছর বয়সী বলেন, ‘আমি সত্যিকার অর্থেই চ্যাম্পিয়নশীপ ক্রিকেট ক্যারিয়ার উপভোগ করেছি। মিডলসেক্সের হয়ে চারদিনের ম্যাচ দিয়ে আমি ক্যারিয়ার শুরু করেছিলাম। তখন আমার মূল লক্ষ্য ছিল ইংল্যান্ডের জার্সি গায়ে মাঠে নামার, যা আমি অর্জন করেছি। কিন্তু দিন যতই যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে ছোট ফরম্যাটের ক্রিকেটেই আমি নিজেকে বেশি মানিয়ে নিতে পারছি। এসেক্সের হয়ে মূল দলে এখন তরুণদের সুযোগ পাওয়ার সময় এসেছে। আর আমার দায়িত্ব হচ্ছে তাদের জন্য জায়গা ছেড়ে দেয়া।’ এই ঘোষণার ফলে এসেক্সের গত সপ্তাহে গ্ল্যামারগনের বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকলো তার শেষ প্রথম শ্রেণীর ম্যাচ। দারুণ এক শতক হাঁকিয়ে এমনিতেই ম্যাচটিকে স্মরণীয় করে রেখেছিলেন ওয়াইজ। এসেক্স সতীর্থ রবি বোপারা টুইটারে ওয়েসিসের অবসরের ইচ্ছার কথা প্রকাশ করার চারদিনের মধ্যে শাহ’র তার বিদায়ের ঘোষণা দিলেন। বোপারা টুইটারে লিখেছিলেন, অসাধারণ একটি প্রথম শ্রেণীর ক্যারিয়ারের জন্য ওয়েসিস শাহকে অভিনন্দন জানাতে চাই। সে দুর্দান্ত এক সেঞ্চুরির মাধ্যমে তার ক্যারিয়ারের ইতি টানলো। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ৪৫টি সেঞ্চুরি রয়েছে। তার মত একজন খেলোয়াড়ের অনুপস্থিতি আমরা সত্যিকার অর্থেই অনুভব করব। মিডলসেক্সের হয়ে ক্যারিয়ার শুরু করা শাহ ছয়টি দেশে টি-টোয়েন্টি ক্রিকেটে অংশ নিয়েছেন। তার ঝুলিতে রয়েছে চারটি ভারতীয় প্রিমিয়ার লীগ খেলার অভিজ্ঞতা। প্রথম শ্রেণীর ক্রিকেটে সব মিলিয়ে শাহ ৪১.৯৪ গড়ে ১৬,৩৫৭ রান করেন।