প্যারিসে বাংলাদেশি ভাস্করের প্রথম একক প্রদর্শনী
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৪
প্যারিসের প্রাণকেন্দ্রে অবস্থিত সিতে ইন্টারন্যাশনাল ডেস আর্টেস এ স্বনামধন্য বাংলাদেশি ভাস্কর অধ্যাপক অলক রায়ের সপ্তাহব্যাপী ভাস্কর্য প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত ইনস্টিটিউট ফ্রাঙ্কেই এর আমন্ত্রণে তিন মাসব্যাপী কর্মশালায় অংশগ্রহণ শেষে প্রদর্শনীটির আয়োজন করা হয়। ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম প্রদর্শনীটির উদ্বোধন করেন।
শিল্পী অলক রায় তার প্রদর্শনী সম্পর্কে বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে তিনি পৃথিবীর মানুষকে পরিবেশ রক্ষার ব্যাপারে সচেতনতা বৃদ্ধির তাগিদ দিতে চেয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিতে ইন্টারন্যাশনাল ডেস আর্টেস এর পরিচালক ইয়েভস লাংলে ফ্রাঙ্কে ইনস্টিটিউট এর প্রতিনিধি তারসু গিলারিসহ ফ্রান্সের শিল্পানুরাগি সমাজ এবং সেদেশের বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ব্যাপক সমাবেশ হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পরিবেশ আন্দোলনে সক্রিয় অলক রায়ের ২০টি ভাস্কর্য প্রদর্শনীতে স্থান পায়। প্যারিসে প্রদর্শনী শেষে শিল্পকর্মগুলো ঢাকাস্থ অলিয়ঁস ফ্রঁসেজে পুন: প্রদর্শিত হবে।—প্রেস বিজ্ঞপ্তি