ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৫
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে আসাদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে গুলি বর্ষণের ঘটনায় ঘুমান্ত সীমান্তে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দিয়েছে বিজিবি ।
বিজিবি ও সীমান্তবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ফুলবাড়ী উপজেলার খালিষাকোটাল সীমান্তের ৯৩৪/৩৫ নং আন্তর্জাতিক সীমানা পিলারের নিকটবর্তী দিয়ে দু’দেশের কয়েকজন গরু ব্যবসায়ীর যোগসাজশে ৩৫/৪০টি গরু কাঁটাতারের বেড়া ছিদ্র করে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল। এ সময় ভারতীয় বশকোটাল ক্যাম্পের বিএসএফের টহলরত সদস্যরা তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। তাদের গুলিতে উপজেলার গজেরকুটি গ্রামের আ. জলিল মিয়ার পুত্র আসাদুল ইসলামের ডান কানের নিচে গুলি লাগে।
এ ব্যাপারে ৪৫ বিজিবি’র অধীন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার সহিদুজ্জামান জানান, গুলি নয়, বিএসএফ রাবার বুলেট ছুঁড়েছে।