পিরোজপুরের দুর্গাপুরে ইউপি সদস্যকে মারধর

সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট দলাদলিতে ইউপি চেয়ারম্যানের ছেলের হাতে ইউপি সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর ও চুঙ্গাপাশা এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারি ঘটলে পুলিশের উপস্থিতি এবং উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে পরে পরিস্থিতি শান্ত হয়। আনিসকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এলজিইডি’র উদ্যোগে শুরু হওয়া উক্ত ইউনিয়নের কমপ্লেক্স ভবন নির্মাণ কাজে কতিপয় সদস্যের নিম্নমানের কাজের অভিযোগের প্রেক্ষিতে গতকাল দুপুরে সদর উপজেলা প্রকৌশলী দুর্গাপুরে যান। সেখানে চারজন ইউপি সদস্য ভবন নির্মাণের পাইলিং বসানোর ক্ষেত্রে কারচুপির অভিযোগ এনে বলেন যে, ২৫ ফুট পাইলিংয়ের বদলে ১০ ফুট বসানো হচ্ছে। এ নিয়ে ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া মাঝির সাথে ইউপি সদস্য আনিসের তর্কের এক পর্যায়ে তাকে চেয়ারম্যান থাপ্পড় দেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে চেয়ারম্যানের ছেলে মুরাদ ও ভাগ্নে নাসির আনিসকে বেদম প্রহার করে। এর পাল্টা হামলা চালিয়ে আনিসের সমর্থকরা মুরাদ ও নাসিরকে মারধর করে।