দাদার পথে সাইফ আলী খানের ছেলে
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৮
বাবা বলিউডের জনপ্রিয় নায়ক। আর দাদা ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম বাবার পথে না এসে তার দাদা প্রয়াত মনসুর আলী খান ‘টাইগার’ পাতৌদির পদাঙ্ক অনুসরণ করে ক্রিকেটে পা রাখছে।
মুম্বাই স্কুলস স্পোটস এসোসিয়েশনে ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষে অভিষেক ঘটতে যাচ্ছে সাইফ খানের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের গর্ভজাত সন্তান ইব্রাহিমের। আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য গাইলস শিল্ড ইন্টারস্কুল অনুর্ধ-১৪ ছেলেদের টুর্নামেন্টে খেলবে নবাব পরিবারের সন্তান ইব্রাহিম। ইব্রাহিমের খেলার বিষয়টি নিশ্চিত করে ধিরুভাই আম্বানি স্কুলের এক কর্মকর্তা জানায়, ‘ইব্রাহিম এ বছর মুম্বাই স্কুলস স্পোর্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্টে খেলবে। সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত ইব্রাহিম স্কুলের হয়ে খেলার অপেক্ষায় আছে।’
স্কুল নির্ধারিত সময়ে সে দলের সঙ্গে অনুশীলন করছে। ঐ কর্মকর্তা আরো বলেন, ‘যদিও সে একজন তারকার ছেলে তথাপি আমাদের কাছে সে একজন সাধারণ ক্রিকেটার। সে ভাল খেলবে বলে আশা করছি।’ বাসস