বড়ো দলগুলোর জয়জয়কার
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৮
ম্যানচেস্টার সিটি, চেলসি এবং টটেনহ্যাম লিগ কাপে মঙ্গলবার রাতের খেলাগুলোয় জয় পেয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে ।
ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে ৪-১ গোলে হারানো সিটি নিজেদের মাঠে উইগান অ্যাথলেটিককে ৫-০ গোলের বড়ো ব্যবধানে উড়িয়ে দিয়ে লিগ কাপেও জয়ের ধারা অব্যাহত রাখে। চেলসির ২-০ গোলের জয়টি ছিল সুইনডন টাউনের বিরুদ্ধে। টটেনহ্যাম হটস্পার ৪-০ গোলে হারায় অ্যাস্টন ভিলাকে।
কোচ ম্যানুয়েল পেলিগ্রেনির ম্যানচেস্টার সিটি প্রথম ৩০ মিনিটে অনেকগুলো সুযোগ নষ্ট করে। কিন্তু গত মৌসুমে এফএ কাপের হারের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর সিটির এডিন ডেকো ৩৩ মিনিটে প্রথম গোলটি করেন। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে সিটি। এরপর স্টিভেন জোভেটিক ৫৯ মিনিটে সিটির হয়ে প্রথম গোলটি করে দলকে এগিয়ে দেন। এরপর দারুণ এক ফ্রি কিক থেকে স্বাগতিকদের এগিয়ে দেন ইয়াইয়া তোরে। চতুর্থ গোলটিও করেন জোভেটিক। আর পঞ্চম গোলটি করেন ১৭ বছর বয়সী মার্কোস লোপেসের বদলি হিসেবে নামা জিসাস নাভাস। শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকা পেলিগ্রিনির দলটি ম্যাচের পাঁচ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায়। কিন্তু উইগানের গোলরক্ষক লি নিকোলাস ডেডরিক বোয়েটার হেড ফিরিয়ে দিলে সেই সুযোগটি নষ্ট হয়। এরপর ক্রমাগত আক্রমণ চালাতে থাকে পেলিগ্রিনির শিষ্যরা। ডেকো কয়েকটি সুযোগ নষ্ট করলেও ৩৩ মিনিটে তিনিই দলকে এগিয়ে দেন। বিপক্ষের মাঠে চেলসির দুটি গোলই আসে প্রথমার্ধে। ফার্নান্দো তোরেস ২৯ মিনিটে গোলের সূচনা করেন। এর ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলীয় রামিরেস। এই খেলায় গোলরক্ষক মার্ক শোয়ার্জারকে অভিষেক করান চেলসি কোচ হোসে মরিনহো। এছাড়াও এদিন অভিষেক হয় খেভিন ডি ব্রুইনি এবং উইলিয়ামের। দলে ফেরেন মাতা এবং ডেভিড লুইজ। ম্যাচের দশ মিনিটের মাথায় ভ্যান জিঙ্কেল মাঠ ছাড়তে বাধ্য হন।
জার্মেইন ডিফোর জোড়া গোলে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পায় টটেনহ্যাম হটস্পার। গত মঙ্গলবার ট্রোমসোর বিপক্ষের ম্যাচটিতেও ডিফো দুটি গোল করেছিলেন। প্রথম গোলটি করেন এই ইংলিশ স্ট্রাইকার। এরপর ৪৯ মিনিটে পলিনগো দ্বিতীয় গোলটি করেন। ৮৫ মিনিটে তৃতীয় গোলটি করেন নাসের চাদি । এরপর ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে ডিফো ব্যক্তিগত দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন। এই ম্যাচে টটেনহ্যাম কোচ আন্দ্রে ভিল্লাস বোয়াসের দল গোল ব্যবধান আরো বাড়াতে পারতো। কিন্তু অ্যাস্টন ভিলার গোলরক্ষক জেড স্টিরের দুর্দান্ত কিছু সেভের কারণে তা সম্ভব হয়নি।
এদিকে স্টেডিয়াম অব লাইটে মৌসুমের দ্বিতীয় জয় পায় সান্দারল্যান্ড। পিটারবরোর বিপক্ষে ব্ল্যাক ক্যাটদের হয়ে গোল দুটি করেন এমানুয়েলে গিয়াচ্চেরিনি ও ভ্যালেন্টাইন রোবার্জ। এদিন তৃতীয় রাউন্ডের অন্য ম্যাচে লেইচেস্টার সিটি ২-১ গোলে হারিয়েছে ডার্বি কাউন্টিকে। কার্ডিফ সিটির বিপক্ষে ২-৩ গোলে জিতেছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। ওয়ার্টফোর্ডের মাঠে স্বাগতিকদেরকে একই ২-৩ গোলে হারিয়েছে নরউইচ সিটি। হালসিটি টাইগার্স ১-০ গোলে হারিয়েছে হাডার্সফিল্ড টাউনকে ও সাউদাম্পটন ২-০ গোলে ব্রিসটল সিটিকে হারিয়েছে। ফুলহ্যাম এভারটনকে এবং নটিংহ্যাম ফরেস্টকে বার্নলিকে হারিয়েছে ২-১ ব্যবধানে।