শিবপুর উপজেলা ফাইনালে

শিবপুর উপজেলা দল গতকাল বুধবার নরসিংদীতে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে ৪-১ গোলে পলাশ উপজেলা দলকে হারিয়ে ফাইনালে উঠেছে। স্থানীয় মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে উভয় দল বিদেশি খেলোয়াড় নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। এর মধ্যেই দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে শিবপুরের পক্ষে এলিট কিংস গোল করেন। কিন্তু ৩৫ মিনিটের সময় পলাশ উপজেলার পিটার গোল করে সমতা ফেরান। এরপর কোন পক্ষই আর গোল করতে পারেনি। ফলে খেলাটি টাইব্রেকারে গড়ালে তাতে শিবপুর উপজেলা ৪-১ গোলে পলাশ উপজেলাকে পরাজিত করে। আজ বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রায়পুরা উপজেলা দল ও মনোহরদী উপজেলা দল।