যানজট নিরসনে খুলে দেওয়া হচ্ছে কোনাবাড়ি ও চন্দ্রা ফ্লাইওভার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জয়দেবপুর ভোগড়া বাইপাস থেকে চন্দ্রা-টাঙ্গাইল এলেঙ্গা পর্যন্ত দীর্ঘদিনের ভয়াবহ যানজট নিরসনে গাজীপুরের কোনাবাড়ি ও চন্দ্রা ফ্লাইওভার দুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। আগামী ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্লাইওভার দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পাশাপাশি তিনি একই মহাসড়কের কড্ডা ও বাইমাইল এলাকায় দুটি ব্রিজও উদ্বোধন করবেন। এর ফলে আসন্ন ঈদে এ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গ ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাতায়াতকারী হাজার হাজার ঘরমুখো যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির লাঘব হবে বলে আশা করা হচ্ছে।