কার্যকর পদক্ষেপ ছাড়া শিশুশ্রম নিরসন সম্ভব নয়
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫০
‘বাংলাদেশ শিশুশ্রম নিরসনে অর্জন, চ্যালেঞ্জ ও এর থেকে উত্তরণে ভূমিকা’ বিষয়ে জাতীয় সেমিনারে বক্তারা বলেছেন, সরকার শিশুশ্রম নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কিন্তু এসব পদক্ষেপের কার্যকর বাস্তবায়ন ছাড়া শিশুশ্রম নিরসন সম্ভব নয়। তারা বলেন, স্কুলে ঝরে পড়ার হার রোধ করতে পারলে শিশু শ্রম কমে আসবে।
বুধবার সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), টেরে ডেস হোমস-নেদারল্যান্ড ও বাংলাদেশ শিশু অধিকার ফোরাম যৌথভাবে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে জানানো হয়, আগামী ৮ থেকে ১০ অক্টোবর, ব্রাজিলের ব্রাসিলিয়ায় ‘গ্লোবাল চাইল্ড লেবার কনফারেন্স’ অনুষ্ঠিত হবে। ওই কনফারেন্সের উদ্দেশ্য হলো শিশুশ্রমের বিষয়টি মোকাবিলা করার জন্য যুগোপযোগী নীতিমালা ও সমন্বিত কৌশল প্রণয়ন, শিশুশ্রম মোকাবিলায় অংশগ্রহণকারী রাষ্ট্রগুলোর নেয়া কার্যক্রমের মূল্যায়ন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিশ্বব্যাপী শিশুশ্রম নিরসনে অবদান রাখা।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর শ্রিনিভাস বি রেড্ডি এবং টেরে ডেস হোমস- নেদারল্যান্ডস এর কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল কবীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুজ্জামান ভুঁইয়া। ওই সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশ এ পর্যন্ত শিশুশ্রম নিরসনে সরকারি ও বেরসকারি পর্যায়ে নেয়া কার্যক্রমের সাফল্য, প্রতিবন্ধকতা ও তা উত্তরণের উপায় বিষয়ে মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে এই জাতীয় সেমিনারের আয়োজন করা হয়। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মনিরুল ইসলাম খান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর সহাকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ এম্প্লয়ার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আইএলও এর প্রোগ্রাম অফিসার হাসিনা বেগম।