ভোটার তালিকায় থাকছে না যুদ্ধাপরাধে দণ্ডিতদের নাম
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
জাতীয় সংসদের চলতি ১৯তম অধিবেশনেই যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্তদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়ার বিল পাস হচ্ছে। এ লক্ষ্যে গত মঙ্গলবার ‘ভোটার তালিকা (দ্বিতীয় সংশোধন) আইন-২০১৩’ পরীক্ষা-নিরীক্ষা শেষে সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। সে সাথে ‘জাতীয় পরিচয় নিবন্ধন (সংশোধন) আইন-২০১৩’ নামে অপর আরেকটি বিলও পাস করা হবে।
সংসদ সচিবালয়সূত্র জানায়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা একমত হয়ে বিল পাস করার উদ্দেশ্যে রিপোর্ট চূড়ান্ত করেন। যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্তদের পাশাপাশি বিলে ভোটার তালিকা থেকে যুদ্ধাপরাধে অভিযুক্তদের নাম বাদ দেয়ার সুপারিশ করা হয়েছে। আগামী ২৪ অক্টোবরের আগেই যেকোন কার্যদিবসে এ বিলটি পাস হবে।
এদিকে ভোটার হিসাবে তালিকাভুক্ত নন এ ধরনের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদানের বিধান এবং পরিচয়পত্রের তথ্যকে গোপনীয় ও তা বেআইনীভাবে প্রকাশকে অপরাধ গণ্য করে ‘জাতীয় পরিচয় নিবন্ধন (সংশোধন) আইন-২০১৩’ নামে অপর আরেকটি বিল পরীক্ষা-নিরীক্ষা শেষে চূড়ান্ত করা হয়েছে।
সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে বৈঠকে অ্যাডভোকেট মো. রহমত আলী, খান টিপু সুলতান, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, মো. নূরুল ইসলাম সুজন ও ফজিলাতুন নেসা বাপ্পি অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।