দুই মহিলাসহ পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় দুই মহিলাসহ পাঁচ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে কুড়িল বিশ্ব রোড এলাকায় বাসচাপায় নিহত হয়েছে এক যুবক। পৃথক স্থান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে দুই জনের। মুগদায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ওয়ারীতে ভবন থেকে পড়ে নিহত হয়েছে আরেক গৃহবধূ। কুড়িল বিশ্ব রোডে মঙ্গলবার রাত ৩টার দিকে বাসচাপায় নিহত হন সোহেল তালুকদার নামে এক যুবক। তার এক আত্মীয় জানান, রাতে টাঙ্গাইল থেকে পিকআপ ভ্যানে করে ঢাকায় আসছিলেন সোহেল। কুড়িল বিশ্ব রোডে এসে পৌঁছালে পিকআপের একটি চাকা নষ্ট হয়ে যায়। রাস্তায় চাকা ঠিক করার সময় একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। আহত হয় আরো তিন জন। খিলগাঁওয়ে কামরুল হাসান ফরহাদ নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১টার দিকে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানের ৮৮ নম্বর বাড়িতে বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়। অপর ঘটনায় রামপুরার উলন পোড়াবাড়ী এলাকার একটি গাছ থেকে গতকাল সকালে শহিদ নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উলন রোডের ১৯৬ নম্বর বাসায় থাকতেন। দুই জনই মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। তারা আত্মহত্যা করেন বলে পুলিশের ধারণা। মুগদার দক্ষিণ মান্ডার ১৪১ নম্বর বাসা থেকে গৃহবধূ নূরুন্নাহারের লাশ উদ্ধার করে মঙ্গলবার রাতে মর্গে পাঠানো হয়। তিনি একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। তার গলায় কালো দাগ দেখে পুলিশের ধারণা, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। দাম্পত্য কলহের জের ধরে স্বামী তাকে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে, ওয়ারীর নবাবপুর রোডের ৭৯/৫ নম্বর বাসার ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন তিথি নামে এক গৃহবধূ। মঙ্গলবার রাতে লোডশেডিং হলে তিনি বাড়ির তিন তলার ছাদে যান। এসময় অন্ধকারে তিনি নিচে পড়ে গেলে গুরুতর আহত হন। চিকিত্সাধীন অবস্থায় গতকাল দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।