বাংলালিংকও অক্টোবরে থ্রিজি চালু করছে

মোবাইল ফোন অপারেটর বাংলালিংকও আগামী অক্টোবরে থ্রিজি সেবা চালু করতে যাচ্ছে। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা। তিনি জানান, ঢাকার পর এই বছরের মধ্যে থ্রিজি সেবা চট্টগ্রাম, খুলনা ও সিলেটে চালু করা হবে। পর্যায়ক্রমে দেশের অবশিষ্ট এলাকাগুলোতে এই সেবা পৌঁছে দেয়া হবে। এর আগে গ্রামীণফোন, রবি ও এয়ারটেল অক্টোবরের মধ্যেই থ্রিজি সেবা চালুর ঘোষণা দিয়েছে। দ্রুত তাদের প্রস্তুতিও চলছে। সাংবাদিক সম্মেলনে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিম্পেলকম লিমিটেডের গ্রুপ ডেপুটি সিইও অ্যান্ড চিফ অপারেটিং অফিসার ইয়ান এডভার্ড থাইগেসেন, বাংলালিংকের চীফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, মার্কেটিং ডিরেক্টর সোলাইমান আলম ও রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিরেক্টর জাকিউল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।