বর্জ্য শোধনাগার স্থাপন সংক্রান্ত তথ্য চেয়েছে হাইকোর্ট

ঢাকা মহানগর, গাজীপুর, টাঙ্গাইল ও সাভারে গত ১৮ বছরে কতটি বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন করা হয়েছে তার পরিসংখ্যান চেয়েছে হাইকোর্ট। একটি রিট আবেদনের শুনানি শেষে গত মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও পরিবেশ অধিদপ্তরের পরিচালককে (এনফোর্সমেন্ট) দুই মাসের মধ্যে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনে পরিবেশ আইন লংঘনের দায়ে সংশ্লিষ্ট এলাকায় কী পরিমাণ জরিমানা আরোপ করা হয়েছে, কী পরিমাণ জরিমানা আদায় করা হয়েছে প্রতিবেদনে তাও জানাতে বলা হয়। পরিবেশ আইন লঙ্ঘন করায় গত ২২ জুলাই পাকিজা ডায়িং এন্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজকে পরিবেশ অধিদপ্তর ১ কোটি ৫১ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা জরিমানা করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে গত ২২ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন পাকিজার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. মতিউর রহমান। আদালত ঐ জরিমানার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চায়।