রোহিঙ্গা শিবিরে নিজেদের হাসপাতাল পরিদর্শনে মালয়েশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী

মালয়েশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী সিনেটর লিউ চিন টংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত বৃহস্পতিবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির ও মালয়েশিয়া কর্তৃক স্থাপিত ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা ক্যাম্পের বাসিন্দা, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন এনজিওর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ক্যাম্পের বাসিন্দাদের পক্ষ থেকে কমিউনিটি লিডারগণ অনতিবিলম্বে তাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন।

এছাড়া তারা মালয়েশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রীর কাছে আশিয়ান দেশসমূহের প্রচেষ্টায় এ মানবিক বিপর্যয়ের সমাধানের জন্য অনুরোধ জানায়। এ সময় মালয়েশিয়া প্রতিরক্ষা উপমন্ত্রী বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রয়োজনীয় চাহিদা পূরণে বাংলাদেশকে অব্যাহত সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। মালয়েশিয়া প্রতিরক্ষা উপমন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক দিক-নির্দেশনায় বাংলাদেশ সরকার ও জনগণ কর্তৃক বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের বিষয়টির প্রশংসা করেন। এছাড়া মালয়েশিয়া ফিল্ড হাসপাতালের সুষ্ঠু পরিচালনার বিষয়ে বিশেষ সহযোগিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক কর্তৃক আমন্ত্রণের প্রেক্ষিতে প্রতিনিধি দলটি বাংলাদেশে আগমন করেন। আজ শনিবার তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।