সাভারে ডিবি পুলিশের পরিচয়ে আটক ৫
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪২
সাভারে ডিবি পুলিশের পরিচয়ে ৫ জনকে গণধোলাই দিয়ে গতকাল বুধবার পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় তাদের ব্যবহূত একটি লাল রংয়ের প্রাইভেটকার ভাংচুর করা হয়। ঘটনাটি ঘটেছে হেমায়েতপুর ঋষিপাড়া এলাকায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ডিবি পুলিশ লেখা দুইটি প্রাইভেটকার নিয়ে ১০-১২ জনের একদল লোক ঋষিপাড়া এলাকায় আসে। এ সময় তারা দুটি অটোরিকশা আটক করে কাগজপত্র দেখতে চায়। কিন্তু চালক কাগজ দেখাতে না পারায় তারা অটোরিকশা দুটি নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়।
এ সময় স্থানীয় লোকেরা তাদের ডিবি পুলিশের পরিচয়পত্র দেখতে চায়।পরিচয়পত্র দেখাতে না পারায় এলাকাবাসী একটি প্রাইভেটকারসহ ৫ জনকে আটক করে গণধোলাই দেয়।এ সময় ওই দলের বাকী সদস্যরা পালিয়ে যায়। এ বিষয়ে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।