নান্দাইলের রাস্তা উন্নয়নের আবেদন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৬
বেতারে শুনতে পাই বিভিন্ন জেলা-উপজেলার উন্নয়নের কথা। কত মাইল রাস্তা পাকা করা হয়েছে, কয়টি ব্রিজ কালভার্ট নির্মিত হয়েছে, কয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন সাধন করা হয়েছে ইত্যাদি। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কথা শুনতে পাইনি। কারণ কোনো কিছুই করা হয়নি। অথচ স্থানীয় সরকার প্রকৌশলের অধীনে অনেক গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা পাকা ও মেরামত করার কথা বলা হয়েছিল। এর কৈফিয়ত কে কার কাছে চাইবে। উপজেলার ২ নম্বর মোয়াজ্জেমপুর ইউনিয়নের অন্তর্গত ঢাকা-ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে অবস্থিত কানুরামপুর বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে ১০ কিলোমিটার এলজিইডির যে রাস্তা ধানের বাজার কালিয়াপাড়া বাজার হয়ে দক্ষিণ দিকে কাদিরপুর, পলাশিয়া, খারুয়া হয়ে গফরগাঁও উপজেলার উত্তর প্রান্তে নান্দাইলের দেওয়ানগঞ্জ পর্যন্ত গিয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে। ইট বিছানো রাস্তার স্থানে স্থানে ইট খসে গিয়ে ক্ষত-বিক্ষত হয়ে পড়েছে। এই রাস্তায় যাতায়াতের কী যে দুর্ভোগ তা ভাষায় প্রকাশ করা যাবে না। এই রাস্তাটুকু উন্নয়নের আশা কি করতে পারি? এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করছি।
মু. আ.আজিজ
কালিয়াপাড়া, নান্দাইল, ময়মনসিংহ