আড়াইহাজারে কয়েক সপ্তাহের ব্যবধানে আবারো গণধর্ষণের ঘটনা ঘটেছে। তবে এবার ধর্ষণের পর ধর্ষিতাকে পিটিয়ে আহত করেছে ধর্ষকরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। ধর্ষিতার পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে স্থানীয় এক দিনমজুরের কিশোরি কন্যাকে (১৭) রাস্তায় একা পেয়ে ৪ যুবক মুখ চেপে ধরে বাড়ির পাশে খালি মাঠে নিয়ে যায়। সেখানে পালাক্রমে ধর্ষণ করা হয় কিশোরীকে। কিশোরিটি এক পর্যায়ে চিত্কার করলে ধর্ষকরা তাকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায় এবং তাদের নাম না বলতে ধর্ষিতাকে হুমকি দিয়ে যায়। পরে ধর্ষিতা বাড়িতে এসে তার পরিবারের কাছে ঘটনাটির বর্ণনা দিলে গতকাল শুক্রবার দুপুরে ধর্ষিতার পিতা আড়াইহাজার থানায় ৪ ধর্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো নরসিংদী জেলার তাওড়া এলাকার শাহিন (১৮), উপজেলার চারগাঁও এলাকার সরফত আলীর ছেলে আক্তার হোসেন (২৫), রতন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২০) ও কাউসার (২৫)। এর মধ্যে শাহীন ওই কিশোরীর বোনের দেবর বলে জানা যায়।