নিউইয়র্কে দীপু মনি

ভাল কাজ করে ঘরে বসে থাকলে কেউ তা জানবে না

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি তার বহুল আলোচিত বিদেশ সফর প্রসঙ্গে বলেছেন, আমি বিশ্বময় ঘুরে বেড়িয়েছি। কিন্তু এটা শুধুই ঘুরে বেড়ানো ছিল না। ভালো কাজ করে বাড়ির মধ্যে বসে থাকলে কেউ তা জানবে না। তিনি বলেন, প্রতিটি মন্ত্রণালয় ভালো কাজ করেছে, দেশ ভালো করেছে। এসব কথা বিশ্বের কাছে পৌঁছে দিতে এবং সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের একটি কার্যকর সম্পর্ক তৈরি করতে পেরেছি বলেই বাংলাদেশ আজ বিশ্বের কাছে প্রশংসিত এবং পুরস্কৃত। স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউইয়র্কের উডসাইডে গুলশান টেরেস মিলনায়তনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ সরকারের সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বিশ্বময় ঘুরে বেড়ানোর প্রসঙ্গটি টেনে আনেন। দীপু মনি এ বিষয়টির স্বপ্রণোদিত ব্যাখা দেন এবং নিজের মন্ত্রণালয়ের সাফল্য তুলে ধরে বলেন, আমি যখন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি তখন বাংলাদেশ বিশ্বের কাছে সন্ত্রাসী, জঙ্গি, দুর্নীতি, নারী ও সাংবাদিক নির্যাতনের দেশ হিসাবে পরিচিত ছিল। অথচ নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা, এমডিজি অর্জন, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ মোকাবেলাসহ নানান সাফল্যে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উদাহরণ। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সর্ববৃহত্ সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ-এনওয়াই) আয়োজিত এই মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, এফবিসিসিআই সহ-সভাপতি হেলাল উদ্দিন, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মনিরুল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. মনসুর খান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম. মহসিন মিয়া এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল ফজল দিদারুল ইসলাম। অনুষ্ঠানে ডা. দীপু মনি বলেন, বর্তমান সরকারের আমলে দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে। তিনি বলেন, সরকার ব্যবসায়ী নয়, নিয়ন্ত্রকের ভূমিকা পালন করছে, যাতে বাংলাদেশ ব্যবসা বান্ধব হয়। তিনি বলেন, এখন দেশে ব্যবসা করতে গেলে কাউকে কমিশন দিতে হয় না, কোনো বিশেষ ভবনও নেই। এমনকি কোনো রাজপুত্রও নেই। বরং সরকার ব্যবসা করতে সহযোগিতা করছে। তিনি বাংলাদেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে বর্তমান সরকারকে আবারো নির্বাচিত করার জন্য বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানান। এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান।