২৪ অক্টোবরের পর দেশে কিছুই হবে না :নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২৪ অক্টোবরের পর দেশে কিছুই হবে না। বিএনপি অহেতুক হুমকি-ধামকি দেয়, তাদের আন্দোলনের শক্তি বা ক্ষমতা নেই। আমরা ক্ষমতায় থেকেই নির্বাচন করবো। দুনিয়ার বুকে কারো ক্ষমতা নেই নির্বাচন ঠেকাবার। গতকাল বুধবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত ‘বর্তমান সরকারের উন্নয়ন :জনগণের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় আছি। এ পর্যন্ত সরকারের নির্দেশ অমান্য করলে সরিয়ে দেয়া হবে। আওয়ামী লীগ জনগণের সেবা করার জন্য এসেছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন কখন নির্বাচন হবে। সংবিধানে তাকে ক্ষমতা দেয়া আছে। তিনি নির্বাচন কমিশনকে জানাবেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি। সে পর্যন্ত আমাদের কথা শুনতে হবে। সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন প্রমুখ।