সিরিয়ায় বিদ্রোহীদের মধ্যে লড়াই বাড়ছে

সিরিয়ায় বিদ্রোহীদের সরকারবিরোধী লড়াই এখন নিজেদের মধ্যে লড়াইয়ের দিকে যাচ্ছে। তাদের মধ্যে লড়াইয়ের পরিমাণ এখন বেড়েই চলছে। এদিকে সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে হামলা না চালানোর জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কাছে হতাশা ব্যক্ত করেছে বিদ্রোহীদের একটি দল। খবর বিবিসি, রয়টার্স ও এএফপির। সিরিয়ার বিরোধী দলীয় নেতারা মঙ্গলবার আসাদ সরকারের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করার ব্যর্থতার বিষয় নিয়ে মার্কিন সরকারের সাথে খোলাখুলি আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আলোচনায় তারা মার্কিন সমর্থনের আশ্বাস পেতে চাপ দেন। সিরিয়ার বিরোধী দলীয় প্রধান আহমেদ জার্বার নেতৃত্বে চার সদস্যের একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনের ফাঁকে জন কেরির সঙ্গে সাক্ষাত করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন সিনিয়র কর্মকর্তা জানান, সিরিয়ার বিদ্রোহী বাহিনী এখন দুইটি ফ্রন্টে যুদ্ধ করছে। আড়াই বছরের গৃহযুদ্ধে এটিই সবচেয়ে বড় লড়াই। তিনি বলেন, তুরস্ক ও সিরিয়া সীমান্ত বরাবর আল-কায়েদা জঙ্গি ও সেলিম ইদ্রিসের অনুগত বাহিনীর মধ্যে এখন যুদ্ধ চলছে। সেখানে জঙ্গিরা এখন সরকারের পক্ষে কাজ করছে। আড়াই বছর ধরে সুন্নি বিদ্রোহীদের এই গোষ্ঠীগুলো সিরিয়ার শিয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে উত্খাতের লক্ষ্যে লড়াই করে আসছে। কিন্তু এখন নিজেরাই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে। মার্কিন ওই কর্মকর্তা জানিয়েছেন, ফ্রি সিরিয়ান আর্মিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রসদ সরবরাহ করা হচ্ছে এবং গোষ্ঠীটিকে সহায়তা করতে আরো কি করা যায় তা খতিয়ে দেখছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদ্রোহীদের এগারটি দল এক বিবৃতিতে জানিয়েছে, ন্যাশনাল কোয়ালিশন বিরোধী গ্রুপ সিরিয়ায় আছে তারা সেটিকে স্বীকৃতি দেবে না। কারণ গ্রুপটি দেশে গঠিত হয়নি। বিদেশে বসে এই গ্রুপ গঠিত হয়েছে।