মাগুরা ও নড়াইলে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত

মাগুরা ও নড়াইলে পৃথক সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। মাগুরায় নিহত ব্যক্তির নাম জামিরুল (৩০) এবং নড়াইলে নিহত ব্যক্তির নাম ওহিদুল শেখ (৩০)। আহত হয়েছে অর্ধশত। মাগুরা সংবাদদাতা জানান, দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চার জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে ধান ক্ষেতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলার ধলফা বগুড়া গ্রামে আওয়াল বিশ্বাস ও শহিদ মোল্লার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে সদর উপজেলার ধলফা বগুড়া গ্রামের জামিরুল নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নড়াইল প্রতিনিধি জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বুধবার সকালে জেলার লোহাগড়া উপজেলার মশাখালী ও সদর উপজেলার পলাইডাঙ্গা গ্রামে দুটি সংঘর্ষের ঘটনা ঘটে। লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মশাখালী গ্রামের সংঘটিত সংঘর্ষে লোকজন ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্রাদি ব্যবহার করে। এসময় অন্তত ১০জন আহত হয়। সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আহত ওহিদুল শেখ নামে এক যুবক মারা যায়। এদিকে বুধবার ভোরে পূর্বশত্রুতার জের ধরে সদর উপজেলার পলাইডাঙ্গা গ্রামের মোল্লা ও কাজী বংশের লোকজন ঢাল, সড়কি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় কমপক্ষে ২০ জন আহত হয়। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুম ভুঁইয়া জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।