আদালত অবমাননা আইন
৮টি ধারা চ্যালেঞ্জ সংক্রান্ত রিটের রায় আজ হতে পারে
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৯
সরকারি কর্মকর্তাদের আদালতে তলব না করার বিধানসহ আদালত অবমাননা আইনের আটটি ধারা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট পিটিশনের ওপর আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করা হতে পারে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ শুনানি গ্রহণ করে গতকাল বুধবার রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন।
গত ৩ এপ্রিল হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রুল জারি করে। এতে ওই আইনের ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১ ধারা কেন বাতিল ও সংবিধান বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। প্রসঙ্গত আইনের ৪ ধারায় নির্দোষ প্রকাশনা বা বিতরণ অবমাননা নয়, ৫ ধারায় পক্ষপাতহীন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ আদালত অবমাননা নয়, ৬ ধারায় অধস্তন আদালতের সভাপতিত্ব করা বিচারকের বিরুদ্ধে অভিযোগ আদালত অবমাননা নয়, ৭ ধারায় কতিপয় ক্ষেত্র ব্যতীত খাস কামরায় বা রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত প্রক্রিয়া-সংক্রান্ত তথ্য প্রকাশ আদালত অবমাননা নয় বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া অন্য ধারাগুলোতে সরকারি কর্মকর্তারা অবসর গ্রহণ করলে তার বিরুদ্ধে বিচারাধীন আদালত অবমাননার অভিযোগ থাকবে না; নতুন যিনি আসবেন তার বিরুদ্ধে অভিযোগ আনা যাবে না; প্রথমেই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া যাবে না বলে বলা হয়েছে।
আদালত অবমাননা আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবি জানিয়ে সরকারকে উকিল নোটিস দিয়েছিলেন এডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী ও এডভোকেট আয়শা খাতুন। ওই নোটিসের ব্যাপারে কোন জবাব না পেয়ে তারা হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট মনজিল মোরসেদ। গতকাল এই মামলায় বক্তব্য রাখেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন।