কেউ কেউ চিকিত্সা শাস্ত্রকে কলঙ্কিত করছেন :গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শম রেজাউল করিম এমপি বলেছেন, চিকিত্সাশাস্ত্রে অনেক মহামানব অনেক বড় বড় অবদান রেখে গেছেন। এরপরও কেউ কেউ এ শাস্ত্রকে কলঙ্কিত করছেন। তবে এর সংখ্যা অত্যন্ত কম। কিন্তু এরাই এই মহান পেশার সমৃদ্ধ, সম্মান ও শ্রদ্ধার জায়গাকে বিতর্কিত করে তোলেন। তিনি বলেন, একজন যথাযথ যোগ্যতাসম্পন্ন মানুষ ডাক্তার না হয়ে অযোগ্য মানুষ ডাক্তার হলে যে সর্বনাশ হয়, তা থেকে পেছনে ফিরে আসা যায় না। গতকাল শুক্রবার বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত গণমুখি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গণপূর্ত মন্ত্রী এসব কথা বলেন।

মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. বার্দান জং রানা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সহ-সভাপতি বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও আল-হোসাইনী।