জোকস
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:২৭
খ্যাতিমান শিল্পী পাবলো পিকাসোর বাড়িতে একদিন এক অতিথি এলেন বেড়াতে। সারা বাড়ি ঘুরে তিনি ভীষণ অবাক। বাড়িতে অনেক কিছুই আছে, কিন্তু পিকাসোর কোনো চিত্রকর্ম নেই। এত বড় একজন শিল্পীর বাড়িতে তার নিজের আঁকা ছবি থাকবে না, এ কেমন কথা! কৌতূহল দমাতে না পেরে তিনি পিকাসোকে জিজ্ঞেস করে বসলেন, ‘কী ব্যাপার, বাড়িতে আপনার আঁকা কোনো ছবি নেই কেন?’ পিকাসো দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলেন, ‘আমার এত টাকা কোথায় যে বাড়িতে পিকাসোর ছবি থাকবে? তার ছবিগুলোর যে অনেক দাম!’
টমাস এডিসন ছিলেন খুবই হিসাবি মানুষ। সব কাজেই তিনি কিছু না কিছু প্রাপ্তির চিন্তা করতেন। তাঁর একটি গ্রীষ্মকালীন অবকাশ কাটানোর বাড়ি ছিল, যেটাতে তিনি নানা ধরনের প্রযুক্তির খেলা দেখিয়েছিলেন। একদিন এক দর্শনার্থীকে তিনি বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। আধুনিক সব যন্ত্রপাতিতে ভরা বাড়িটির এক জায়গায় দেখা গেল একটি পুরোনো আমলের ভারী দরজা। ওটা ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে পারলে তবেই পাশের ঘরে যাওয়া যায়। ওটা দেখে দর্শনার্থী খুবই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘সবকিছু এত আধুনিক হওয়া সত্ত্বেও এই দরজাটি এত পুরোনো আর ভারী কেন?’ এডিসন তখন হেসে জবাব দিলেন, ‘এটা রাখা হয়েছে দুটো কারণে। পুরোনো বলে সবাই এর প্রতি কৌতূহলী হয়ে ওঠে। তখন সে কষ্ট করে হলেও ভারী দরজাটি ঘোরায়। আর ওটা একবার ঘোরালে আমার বাড়ির ছাদে রাখা ট্যাংকিতে আট গ্যালনের মতো পানি ওঠে। তাই এটি বানানোর পর থেকে ছাদে পানি ওঠানো নিয়ে আমাকে আর ভাবতে হয় না!’
চার্চিল তখন কনজারভেটিভ পার্টির নর্বাচিত পার্লামেন্ট সদস্য। সে সময় একবার পার্লামেন্টে উত্তপ্ত বিতর্ক চলাকালীন বিরোধীদলীয় এক মহিলা চার্চিলকে উদ্দেশ করে বললেন, ‘আপনি আমার স্বামী হলে আমি আপনার কফির কাপে বিষ মিশিয়ে দিতাম।’ চার্চিল চটজলদি জবাব দিলেন, ‘আর আপনি আমার স্ত্রী হলে সে কফি আমি সানন্দে পান করতাম।’