আজীবন সম্মাননায় খলিল
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩২
ঁঁজাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন এ দেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রাভিনেতা খলিল। ২০১২ সালের চলচ্চিত্রের উপর অনুষ্ঠিত হবে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজীবন সম্মাননা পাওয়া প্রসঙ্গে খলিল বলেন, ‘হয়তো এই পুরস্কারটি পাওয়ার জন্যই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। সত্যিই এটা আমার এবং আমার পরিবারের সকল সদস্যের জন্য অনেক আনন্দের একটি বিষয়। আমাকে চূড়ান্তভাবে মনোনীত করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ উল্লেখ্য, তিনি বিগত প্রায় দুই বছর ধরে মোহাম্মদপুরস্থ নূরজাহান রোডের বাসায় বসে সময় পার করলেও এখন তিনি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ। খলিল বলেন, ‘এখন আল্লাহর রহমতে আগের চেয়ে সবার দোয়ায় বেশ ভালো আছি। এখন আমি চলচ্চিত্রে কিংবা নাটকে কাজ করতে ইচ্ছুক। অনেকেই মনে করেন আমি হয়তো এখন আর কাজ করছি না। আমি আবারও কাজে নিয়মিত হতে চাই। দর্শকের জন্য আবারও পর্দায় আসার অনেক ইচ্ছা আমার।’ উল্লেখ্য, খলিল এই পর্যন্ত আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রয়াত পরিচালক আলমগীর কুমকুম পরিচালিত ‘গুন্ডা’ ছবিতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।