বিয়ের ফুল নাটকের শীর্ষ সংগীতে কোনাল

ঈদের ৭ পর্বের ধারাবাহিক নাটকের শীর্ষ সংগীত গাইলেন তানভীর তারেক ও কোনাল। নাটকের নাম ‘বিয়ের ফুল’। শাহীন কবির টুটুলের পরিচালনায় এশিয়ান টিভির জন্য নির্মিত ঈদ উপলক্ষে টানা ৭ দিনের এই ধারাবাহিকের শীর্ষ সংগীতটি লিখেছেন জাহিদ আকবর। সুর ও সংগীত পরিচালনা করেছেন তানভীর তারেক। ‘আছে সে কল্পনাতে, মনেরই আরশিতে, বুকেরই বাম পাশে, হূদয়ের আশপাশে’ এমন কথা দিয়ে সাজানো গানটি। এদিকে গানটি প্রসঙ্গে নাট্যনির্মাতা শাহিন কবির টুটুল বলেন, ‘গানের কথা আর সুর মিলিয়ে আমার নিজের কাছেই চমত্কার লেগেছে। ছেলে মেয়ের প্রশ্ন-উত্তরের আঙ্গিকে সাজানো এই গানটি। সবমিলিয়ে এর ভিজ্যুয়াল তৈরির ক্ষেত্রেও এক ধরনের ভিন্নতা রাখার পরিকল্পনা করছি।’ ঢাকাস্থ স্টুডিও সেলিব্রেটি সাউন্ডল্যাবে গানটি রেকর্ড করা হয়।