উল্টো পথে ফ্লাইওভারে পিকআপ ভ্যান

কেরানীগঞ্জের হাসনাবাদের দোলেশ্বর এলাকায় রাসেলের ৫ মাসের সন্তান শিহাব ডায়রিয়ায় আক্রান্ত। বৃহস্পতিবার গভীর রাত থেকে শিহাবের কয়েক দফা পাতলা পায়খানা হয়। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন বাবা ও মা। ভোর ৫টার দিকে তারা শিহাবকে মহাখালীতে কলেরা হাসপাতালে ভর্তি করার পরিকল্পনা নেন। সে অনুযায়ী তারা দোলেশ্বর থেকে একটি সিএনজি অটোরিকশা ঠিক করেন। ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশাটি মগবাজার ফ্লাইওভার দিয়ে সাতরাস্তা মোড়ে ফ্লাইওভারের দিকে নামতে থাকে। এ সময় আইন লঙ্ঘন করে একই দিক থেকে একটি পিকআপ ভ্যান ফ্লাইওভারে ওঠার চেষ্টা করে। মুহূর্তেই মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। মায়ের কোলে থাকা অসুস্থ শিহাব ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় শিশুটির মা শারমিন, মামা আলামিন, নানী মলি বেগম ও সিএনজি চালক শাহাদাত হোসেন। এ ঘটনায় পিকআপ ভ্যানটি পুলিশ জব্দ করলেও গাড়ি চালক পালিয়ে গেছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন খান বলেন, সাতরাস্তা মোড়ের কাছে ফ্লাইওভারে যানবাহন একমুখী হয়ে নামতে থাকে। ভোর বেলা ফাঁকা পেয়ে পিকআপ ভ্যানটি ওই দিক দিয়ে ফ্লাইওভারে উঠতে গিয়ে দুর্ঘটনা ঘটে। পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আমরা পিকআপ ভ্যানের নম্বরটি নিয়ে এর মালিক ও চালককে খুঁজছি। দুর্ঘটনার পর পুলিশ শিহাবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা জানান আগেই তার মৃত্যু হয়। আহতদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।