মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইনে উন্নয়ন প্রকল্প নিয়ে সমালোচনার মুখে পড়েছে বিশ্বব্যাংক। গত সপ্তাহে বিশ্বব্যাংক মিয়ানমারের দরিদ্রতম রাজ্য রাখাইনে উন্নয়ন প্রকল্পের তথ্য প্রকাশ করে। তারা কাজের বিনিময়ে অর্থ দেওয়ার কথা জানিয়েছে। এরপরই মিয়ানমারে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন বিশ্বব্যাংকের সমালোচনায় মুখর হয়। গত ৯ এপ্রিল মিয়ানমারের বিশ্বব্যাংক অফিসে পাঠানো এক চিঠিতে এনজিওগুলো বলেছে, মানবাধিকার ইস্যুকে এড়িয়ে কিভাবে রাখাইনে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যায় তা সত্যিই কল্পনা করা যায় না। এখানে প্রত্যেকটি মানুষকে মানবাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বিশ্বব্যাংক বার্তা সংস্থা রয়টার্সকে এক লিখিত বিবৃতিতে বলেছে, তারা মানবাধিকার ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে আসছেন। বিশ্বব্যাংক বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদেরও সহায়তা দিচ্ছে। তারা নিরাপদে দেশে না ফেরা পর্যন্ত এই সহায়তা দেওয়া হবে। এজন্য উন্নয়ন প্রকল্পকে এড়িয়ে যাওয়া ঠিক হবে না বলে বিশ্ব ব্যাংক মনে করে। আর প্রকল্পটি এখনো বোর্ডে অনুমোদিত হয়নি।