আপাতত একা হাবিবুল বাশার

বাংলাদেশের ইতিহাসে তো বটেই; আধুনিক ক্রিকেটেই এমন ঘটনা এর আগে ঘটেছে কি না সন্দেহ—আজ থেকে কাগজে-কলমে অন্তত বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক কমিটির সমস্যা সংখ্যা এক! প্রধান নির্বাচক আকরাম খানের পদত্যাগপত্র গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় অনুমোদিত হয়েছে। এদিকে আজ থেকে আরেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু হজ্ব পালনে রওনা দেয়ায় শুধু হাবিবুল বাশারই আপাতত কাজ সামলাবেন। গতকাল বিসিবির কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় গত ১৮ তারিখে জমা দেয়া আকরাম খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। আকরাম ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হয়ে এসেছেন। তিনি নির্বাচনে অংশ নিয়ে বোর্ড পরিচালক হতে চান। ফলে তার পদত্যাগপত্র গ্রহণ করে নিয়েছে বিসিবি। এই পদত্যাগপত্র গ্রহণের ভেতর দিয়ে বাংলাদেশের ক্রিকেটে নির্বাচক আকরাম খানের দীর্ঘ ও ঘটনাবহুল এক যুগ শেষ হলো। বাংলাদেশের ক্রিকেটের টালমাটাল এক পরিস্থিতিতে নির্বাচক হিসেবে এসেছিলেন। কালক্রমে প্রধান নির্বাচক হয়েছেন তিনি। কিন্তু আকরাম খানের পরিবর্তে প্রধান নির্বাচক কে হবে বা আপাতত কেউ সেই দায়িত্ব চালিয়ে নেবেন কি না কিংবা নির্বাচক কমিটির নতুন সদস্য কে হচ্ছেন; এসব ব্যাপারে কোনো সিদ্ধান্তই নেয়নি বিসিবি। আপাতত তারা শুধু বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, কমিটির বাকি দুই সদস্য নান্নু ও হাবিবুলের মেয়াদ ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছেন। সেই সঙ্গে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বললেন, ‘এই মুহূর্তে আর কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। নান্নু ভাই ও সুমন ভাই-ই কাজ চালাবেন। তবে ওনাদের কাজে সহায়তা করবেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান।’ তার মানে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান এনায়েত সিরাজই কার্যত প্রধান নির্বাচকের মতো একটা ভূমিকা পালন করবেন। এদিকে নান্নু আজ রওনা হচ্ছেন হজ্ব পালনের উদ্দেশ্যে। ফলে নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে হাবিবুল বাশারকে একাই কাজ সামলাতে হবে। অবশ্য ইতিমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল দিয়ে দেয়ায় সেই চাপটা অনেক কমে গেছে। পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে নান্নু এটাই বলছিলেন, ‘আমি তো ইনশাল্লাহ দ্বিতীয় টেস্টের আগে ফিরে আসবো। আর কাজ আমরা মোটামুটি এগিয়েই রেখেছি। ফলে আশাকরি কোনো সমস্যা হবে না।’