বিতর্কিত জয়ের পর অ্যানচেলত্তির অসন্তোষ

গোলশূন্য প্রথমার্ধের পর ৫১ মিনিটে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল। ইনজুরি সময়ের শুরুতে এলচি গোল পরিশোধ করে দিলেও আবার শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে পেনাল্টি থেকে আরেকটি গোল করলেন রোনালদো। সব মিলিয়ে গত বুধবার রাতে দুই যুগ পর লা লিগায় খেলতে নামা এলচি’র বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেল রিয়াল মাদ্রিদ। আর কষ্টার্জিত জয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কোচ কার্লো অ্যানচেলত্তি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ইতালিয়ান এই কোচ বলেন, ‘আমি মোটেই খুশি নই। আমাদের ভিন্নভাবে খেলা উচিত ছিল। রোনালদোর গোলের পরে আমরা দ্বিতীয়ার্ধে মোটেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারিনি। আর সে কারণেই ম্যাচের খেলোয়াড়দের ফুটবল নিয়ে আমি আশাবাদী হতে পারছি না। খেলা যাই হোক না কেন এই ম্যাচে জয় দিয়ে পূর্ণ পয়েন্ট পেল রিয়াল মাদ্রিদ। তবে ফলাফলকে খুব বেশি গুরুত্বপূর্ণ মানছেন না এসি মিলান ও চেলসির সাবেক এই কোচ, ‘ফলাফল বড় কথা নয়, আমাদের অবশ্যই ভাল খেলতে হবে। বরং এলচি ভাল খেলেছে। তাদের খেলার মধ্যে সমঝোতা ছিল এবং ম্যাচে সমতাটা তাদের প্রাপ্য ছিল। কারণ তারা দারুণভাবে ম্যাচ শেষ করেছিল।’ রিয়ালের কষ্টার্জিত জয়ও মোটেই সন্দেহাতীত ছিল না। প্রথমার্ধেই রেফারীর বিপক্ষে কথা তুলেছিল এলচি। স্বাগতিক স্ট্রাইকার কোরোকে স্পষ্টভাবে শরীর দিয়ে আটকে রাখার পরও সার্জিও রামোসকে দ্বিতীয় হলুদ কার্ড না দেখানোয় রেফারীর উপর অসন্তুষ্ট হয় এলচির খেলোয়াড়রা। তার উপর ম্যাচ শেষের পরে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে পেপের পক্ষে রেফারী যে পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক থেকেই যায়। আর আঙ্গুল উঠছে রেফারি সিজার মিউনিজের দিকে। বার্সেলোনা দলের সদস্য জেরার্ড পিকে তো টুইটারে ব্যঙ্গ করে রীতিমতো এক পোস্টই দিয়ে ফেললেন। আর এই টুইটে তিনি একে ‘গ্রেট কমেডি’ বলে মন্তব্য করেছেন। ম্যাচে জোড়া গোল করে রোনালদো দারুণ এক ব্যক্তিগত রেকর্ড গড়লেন। এই নিয়ে লা লিগায় ২৭টি ভিন্ন দলের বিপক্ষে গোল করলেন এই পর্তুগীজ তারকা। এই জয়ের ফলে লিগে ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। প্রথম স্থানে থাকা বার্সেলোনা সমান সংখ্যক ম্যাচে পেয়েছে ১৮ পয়েন্ট। আর সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের অবস্থান দ্বিতীয়। এক নজরে গ্রেনাডা ০ ভ্যালেন্সিয়া ১ সেভিয়া ৪ রায়ো ভ্যালেকানো ১ এলচি ১ রিয়াল মাদ্রিদ ২