নতুন ভূমিকায় দূর্জয়
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩১
জাতীয় দলের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন, ছিলেন জাতীয় দলের নির্বাচক। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এডহক কমিটির সদস্য। সবকিছু ঠিক থাকলে হয়তো নির্বাচিত সদস্যও হয়ে আসবেন তিনি। তার আগেই আরেকটি ভূমিকায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন নাঈমুর রহমান দূর্জয়। নিউজিল্যান্ডের আসন্ন বাংলাদেশ সফরে স্বাগতিক দলের ম্যানেজার হিসেবে তাকে মনোনীত করেছে ক্রিকেট বোর্ড। গতকাল বোর্ডের জরুরী সভা শেষে জানানো হল দূর্জয়ের নতুন এই ভূমিকার কথা। অবশ্য তার এই দায়িত্ব পালনকালেই হয়ে যাবে বিসিবির নির্বাচন। সে ক্ষেত্রে একই সঙ্গে আরও একটি নতুন ভূমিকায় দেখা যাবে সাবেক এই ডাকসাইটে অলরাউন্ডারকে ।