দুই ব্যাংকের জন্য ৮শ’ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
কৃষি ঋণ বিতরণের ধারাবাহিকতা ঠিক রাখতে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) ৮০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন তহবিলের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে সভায় পর্ষদের বেশিরভাগ সদস্য ছাড়াও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি ঋণ বিতরণ বাড়ানোর জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত খাতের বিকেবিকে ৫০০ কোটি টাকা এবং রাকাবকে ৩০০ কোটি টাকা পুনঃঅর্থায়নের অনুমোদন দেয়া হয়েছে। সরকারি সিকিউরিটিজের বিপরীতে ৫ শতাংশ সুদে তাদের এ তহবিল ছাড় করা হবে। এর আগেও এ দু’টি ব্যাংকে এ ধরনের পুনঃঅর্থায়ন সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ হিসেবে বিকেবি’র পাঁচ হাজার ৪৭৫ কোটি টাকা মূলধন ঘাটতি রয়েছে। আর খেলাপি ঋণ রয়েছে ৪ হাজার ৭২৭ কোটি টাকা। আর রাকাবের মূলধন ঘাটতি রয়েছে ২৬৭ কোটি টাকা এবং খেলাপি ঋণ রয়েছে এক হাজার ৪৭৭ কোটি টাকা।
এদিকে এ বিষয় ছাড়াও রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের জুন ভিত্তিক ক্যামেলস রেটিং ও তাদের খেলাপি ঋণ পরিস্থিতি, মূলধন ঘাটতি নিয়ে আলোচনা হয়। সেখানে দেখা যায়, জুন শেষে চারটি ব্যাংকে মোট মূলধন ঘাটতি নয় হাজার ৬৩ কোটি টাকা। আর খেলাপি ঋণ ২৩ হাজার ৮৫৩ কোটি টাকা। এ অবস্থা উন্নতির জন্য এসব বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। অন্যদিকে ইসলামী ব্যাংকগুলোর কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণে মফস্বলভিত্তিক শিল্প স্থাপন ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে অর্থায়নের জন্য একটি আলাদা তহবিল গঠন, বাংলাদেশ কন্টিনজেন্সি প্লানিং অনুমোদন, বাধ্যতামূলক অবসরে পাঠানো দুই কর্মকর্তাকে কাজে ফেরত আনাসহ বেশকয়েকটি এজেন্ডা নিয়ে বৈঠকে আলোচনা হয়।