ভোটার তালিকার তথ্যভাণ্ডার সঠিক

নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, ভোটার তালিকার তথ্যভাণ্ডার পুরোপুরি নির্ভুল। এনিয়ে প্রশ্ন তোলার কোন অবকাশ নেই। তবে মাঠপর্যায়ের হিসাবের সঙ্গে তথ্যভাণ্ডারের গরমিলের কারণ খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার শাহ নেওয়াজ আরো বলেন, ভোটারদের তথ্য এনআইডি উইংয়ে রক্ষা করা হয়। ডাটাবেজ-এ সংরক্ষিত তথ্যই সঠিক। মাঠ থেকে কিছু সংখ্যক কম ভোটারের তথ্য এসেছে। আশা করি সমস্যা দ্রুত শেষ হয়ে যাবে। কেন গরমিল হচ্ছে তা যাচাই করা হচ্ছে। অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি দল কাজ করছে। তিনি বলেন, মাঠ পর্যায়ের হিসাবে গাণিতিক বা যান্ত্রিক ভুল থাকতে পারে। ভোটার তথ্যভাণ্ডার সঠিক। তবে রাতে ইসি পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ লাখ ভোটারের গরমিল শিরোনামে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি সঠিক নয়। সর্বশেষ ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের নিবন্ধিত ভোটার সংখ্যা ৯ কোটি ১৯ লাখ ৪৮ হাজার ২১ জন। আধুনিক প্রযুক্তির সহায়তায় ভোটার সংখ্যা নিরূপণ করায় নির্বাচন কমিশনের তথ্যভাণ্ডারে ভুল-ভ্রান্তির কোন অবকাশ নেই।