ডিএনএ শনাক্তকরণ প্রযুক্তি আইন-শৃঙ্খলা বাহিনীর দক্ষতা বাড়াবে ঃ মজীনা

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে যে দক্ষতার প্রমাণ দিচ্ছে ডিএনএ শনাক্তকরণ প্রযুক্তি সেই দক্ষতাকে আরো বাড়িয়ে দিবে। এই সংযোজিত প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা সম্ভব হবে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজের নিউক্লিয়ার মেডিসিন ভবনে আয়োজিত কম্বাইনড ডিএনএ ইনডেক্স সিস্টেম (কোডিস)-এর প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক ড. আবুল হোসাইন, যুক্তরাষ্ট্রের লিগ্যাল অ্যাটাশে ড্যান কেগ উপস্থিত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), বাংলাদেশ ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবকে নতুন ও অত্যাধুনিক এই কোডিস সফটওয়্যারটি প্রদান করেছে। মজীনা বলেন, এই সফটওয়্যারের উন্নয়নে এফবিআই লাখ লাখ ডলার ব্যয় করেছে এবং এখন বিশ্বব্যাপী তাদের মিত্রদের বিনামূল্যে সরবরাহ করছে। সম্প্রতি রানা প্লাজা ভবন ধ্বসে অনেক ব্যক্তির দেহাবশেষ শনাক্ত করা সম্ভব হয়নি। কোডিস-এর মাধ্যমে ওই দেহাবশেষগুলোর পরিচয় শনাক্ত এবং তাদের পরিবারের সদস্য কারা সেটি নিশ্চিত করা সম্ভব হবে।