আপিলেও টেলরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের সাজা বহাল
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৫
জাতিসংঘ সমর্থিত হেগের একটি বিশেষ আদালত লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেলরের (৬৫) যুদ্ধা-পরাধের বিপরীতে করা আপিল বাতিল করে তার ৫০ বছরের কারাদণ্ড বহাল রেখেছে। টেলরের অপরাধ সন্দেহা-তীতভাবে প্রমাণিত হওয়ায় তার আইনজীবী কর্তৃক আপিল আবেদন প্রত্যাখ্যান করে আদালত। তবে তার আইনজীবীরা আপিলে বিচারে আইনী ত্রুটির কথা উল্লেখ করেন।
সিয়েরা লিওনে গৃহযুদ্ধ চলাকালীন সময় বিদ্রোহী বাহিনীকে সহায়তা করার অপরাধে ২০১২ সালের মে মাসে আদালত তার কারাদণ্ডের আদেশ দেয়। তিনি কথিত ‘ব্লাড ডায়মন্ড’ হীরা বিক্রি করে সিয়েরা লিওনের বিদ্রোহী বাহিনী রেভল্যুশনারি ইউনাইটেড ফ্রন্টের জন্য অস্ত্র কিনেছিলেন। এছাড়াও টেলর সন্ত্রাসী কর্মকাণ্ড, ধর্ষণ, হত্যা ও সিয়েরা লিওনের ১৯৯১-২০০২ সালের গৃহযুদ্ধে বিদ্রোহী বাহিনীতে শিশু সৈনিক ব্যবহারসহ ১১ অপরাধে দোষী সাব্যস্ত হন। বিচারক রিচার্ড লাসিক বিচারের সময় বলেন, ‘তিনি মানব ইতিহাসে জঘন্য অপরাধ করেছেন।’
টেলরের আইনজীবী বিচারকাজে আইনগত ভ্রান্তি রয়েছে বলে যুক্তি দেখিয়েছিলেন। কিন্তু আদালত তা নাকচ করে দেয়। সাজা বহাল রেখে আদালত রায় দেয়ার সময় টেলর ছিলেন নির্বিকার।