মনমোহন সিংকে তলব যুক্তরাষ্ট্রের আদালতে
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৬
যুক্তরাষ্ট্রের একটি আদালত ১৯৯০-এর দশকে পাঞ্জাবে বিদ্রোহ দমন অভিযানে মানবাধিকার লংঘনের অভিযোগে চার দিনের সফরে ওয়াশিংটন অবস্থানরত ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে তলব করেছে। নিউইয়র্ক-ভিত্তিক শিখ ধর্মাবলম্বীদের মানবাধিকার সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে) মনমোহন সিংয়ের বিরুদ্ধে ইস্যুকৃত তলবপত্রটি হোয়াইট হাউসের স্টাফ এবং সিংয়ের নিরাপত্তা টিমের সদস্যদের দিতে এখন একটি জরুরি আবেদন দাখিল করার পরিকল্পনা করছে।
মনমোহন সিং প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের জন্য বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে এসএফজে’র পক্ষে মনমোহন সিংয়ের কাছে তলবপত্রটি প্রদান করা খুবই কঠিন হবে। এছাড়া হোয়াইট হাউস এবং সিক্রেট সার্ভিসের জন্য আদালতের প্রয়োজনীয় নির্দেশনা পেতেও এসএফজেকে প্রক্রিয়াগত জটিলতায় পড়তে হবে। এসএফজে কর্তৃক কংগ্রেসের বিরুদ্ধে দায়েরকৃত অনুরূপ একটি মামলায় কংগ্রেসের প্রতিনিধিত্বকারী নিউইয়র্ক ভিত্তিক অ্যাটর্নি রবি বাত্রা এটিকে প্রচারণার চমক সৃষ্টির কৌশল হিসেবে অভিহিত করেন।
আদালতে দাখিল করা ২৪ পৃষ্ঠার অভিযোগনামায় বলা হয়, ১৯৯০-এর দশকের গোড়ার দিকে মনমোহন সিং অর্থমন্ত্রী থাকাকালে বিদ্রোহ দমনে আইন-বহির্ভূত পন্থায় শিখ হত্যার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের ‘নগদ অর্থ পুরস্কার’ দেয়ার বিষয়টি অনুমোদন দিয়েছিলেন এবং এতে অর্থ যোগান দিয়েছিলেন। এতে আরো অভিযোগ করা হয় যে, সিং ২০০৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার ওপর ১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গার জন্য দায়ী তার রাজনৈতিক দলের সদস্যদের সক্রিয়ভাবে রক্ষা করেন। শিখ সংগঠনগুলো ঘোষণা করেছে শুক্রবার ওবামা-মনমোহন বৈঠককালে তারা হোয়াইট হাউসের সামনে একটি ‘সুবিচার সমাবেশ’ করবেন।