রাজধানীতে শিবিরের মিছিল, যানবাহন ভাংচুর

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাসহ জামায়াত ও ১৮ দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে রাজধানীর রামপুরায় গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। গতকাল সকাল ৯টার দিকে শিবির কর্মীরা এই বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। এর আগে গত সোমবার রাজধানীর নিউমার্কেট এলাকায় একইভাবে মিছিল করতে গিয়ে পুলিশের উপর চড়াও হয় তারা। এছাড়া রাজশাহী ও সিলেটেও কয়েকজন পুলিশ সদস্যকে মারধর করে জামায়াত শিবির কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রামপুরা টিভি সেন্টারের গলি থেকে শিবিরের ৪০-৫০ জন নেতাকর্মী একটি মিছিল বের করে। এক পর্যায়ে তারা বাড্ডা-রামপুরা মূল সড়কে এসে যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ব্যাপারে রামপুরা থানার ওসি দেলোয়ার হোসেন জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শিবির কর্মীরা পালিয়ে যায়।