ঝিনাইদহে সমাবেশ শেষে লংমার্চ যশোরের পথে
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৭
সুন্দরবন ধ্বংসকারী কয়লাভিত্তিক রামপাল বিদ্যুত্ প্রকল্প বাতিলসহ জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়নের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি আহূত ঢাকা-রামপাল লংমার্চ গতকাল বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহে সমাবেশ শেষ করে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর আগে মাগুরা ও ফরিদপুরে সংক্ষিপ্ত সমাবেশ করে লংমার্চে অংশ নেয় নেতা-কর্মীরা।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, সুন্দরবনমুখী লংমার্চ ঢাকা থেকে যাত্রা শুরুর তৃতীয় দিনে গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ এসে পৌঁছে। রামপাল বিদ্যুত্ প্রকল্প বাতিলের দাবিতে জনসমর্থন আদায়ের লক্ষ্যে শহরের আরাপপুর বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা-কর্মীরা। ঝিনাইদহ লংমার্চ প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মোঃ শহীদুল্লাহ, কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, আব্দুস সালাম প্রমুখ। বক্তারা বলেন, কোন অবস্থাতেই রামপালে বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ করতে দেয়া হবে না।
মাগুরা প্রতিনিধি জানান, জাতীয় কমিটির লংমার্চ কর্মসূচি বৃহস্পতিবার দুপুরে মাগুরায় এসে পৌঁছে। শহরে মিছিল শেষে পৌরসভার সামনে সমাবেশ করেন লংমার্চের নেতা-কর্মীরা। সমাবেশে শেখ মোঃ শহীদুল্লাহ বলেন, আমরা চ্যালেঞ্জ করছি জ্বালানি উপদেষ্টা রামপালে তাপ বিদ্যুত্ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না। আনু মোহম্মদ বলেন, লংমার্চ নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধের লংমার্চ। সুন্দরবনকে ধ্বংসের চক্রান্তের হাত থেকে অবশ্যই রক্ষা করতে হবে। সমাবেশে আরো বক্তব্য রাখেন অধ্যাপক মাহফুজুল হক নিরো। এসময় উপস্থিত ছিলেন, কমরেড খালেকুজ্জামান, কমরেড বিমল বিশ্বাস, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, সুধাংশু চক্রবর্তী, বজলুর রশিদ, রাকিব হোসেন মুন্না, সামছুল আলম, শহিদুল ইসলাম সবুজ, আমিনুল ইসলাম বাবলু প্রমুখ।
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা জানান, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় ফরিদপুর থেকে প্রকৌশলী শহীদুল্লাহর নেতৃত্বে মধুখালী এসে পৌঁছে। এ সময় স্থানীয় জাতীয় কমিটি, সিপিবি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন ও ওয়ার্কার্স পার্টির শত শত নেতা-কর্মী বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে লংমার্চকারীদের স্বাগত জানিয়ে মিছিল সহকারে পথসভা স্থলে পৌঁছেন।
ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন মধুখালী টাওয়ার বিল্ডিং সংলগ্ন মাঠে উপজেলা কমিটির আহবায়ক আব্দুল মালেক সিকদারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, আনু মুহাম্মদ, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খালেকুজ্জামান, বিমল বিশ্বাস, মো. শাহ আলম, সুধাংশু চক্রবর্তী, জুনায়েদ হোসেন চাকী, ইয়াছিন মিয়া, আমিনুল ইসলাম বাবলু, মোসাইদ আহমেদ, সুবল সরকার প্রমুখ।
প্রকৌশলী শহীদুল্লাহ বলেন, যে প্রকল্পটি ভারত সরকার বাতিল করেছে সেই প্রকল্প বাংলাদেশে স্থাপনের উদ্যোগ নিয়েছে। সরকারের এ উদ্যোগকে কোনমতেই সফল হতে দেয়া হবে না। সুন্দরবন রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।