বিশ্ববিদ্যালয় ছাত্রদের সঙ্গে দ্বন্দ্ব

বরিশালে স্কুল ছাত্রকে কুপিয়ে জখম করা হলো

বরিশাল বিশ্ববিদ্যালয় ও জিলা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে গতকাল বৃহস্পতিবার নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল জিলা স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাফায়াতকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় কুপিয়ে জখম করা হয়। তাত্ক্ষণিকভাবে জিলা স্কুলের শিক্ষার্থীরা এ ঘটনার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দায়ী করে দফায় দফায় বিক্ষোভ ও মানববন্ধন করে। গত ২৩ সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে জিলা স্কুলের ছাত্ররা ইভটিজিং করায় অপ্রীতিকর এই ঘটনার সূত্রপাত ঘটে। ঐদিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জিলা স্কুলের গেট ভেঙ্গে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। পাল্টা হামলার প্রস্তুতি নেয় জিলা স্কুলের শিক্ষার্থীরাও। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিরোধের নিষ্পত্তি হয়। বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন জানান, স্কুল ক্যাম্পাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হওয়ায় তীব্র সমস্যার সৃষ্টি হচ্ছে। ইভটিজিংয়ের ঘটনা অস্বীকার করে তিনি বলেন, স্কুলের দুই শিক্ষার্থীর ঝগড়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মারধর করে। প্রধান শিক্ষক জানান, স্কুলের শিক্ষার্থীরা কোনো অন্যায় করলে স্কুল কর্তৃপক্ষকে অবহিত করে তার সমাধান করা যেতো। কিন্তু ২৩ সেপ্টেম্বর আমাকে কোনো কিছু না জানিয়ে তারা স্কুলের ভিতরে ঢুকে ছাত্রদের মারধর, মূল ফটক ও বাইসাইকেল ভাংচুর করে চলে যায়। আমাদের ধারণা আগের ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সাফায়াতকে কুপিয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুনর রশীদ খান জানান, ২৩ সেপ্টেম্বর জিলা স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভুল বোঝাবুঝি হয়েছিল। ঐ দিনই পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সে বিষয়ে সমঝোতা হয়। গতকাল স্কুল ছাত্র সাফায়াতের ওপর হামলার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীরা সম্পৃক্ততার এখনো কোন প্রমাণ মেলেনি। যদি এ অভিযোগের প্রমাণ পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।