ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মৌন মিছিল
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৭
শিক্ষকদের ওপর হামলার বিচার ও অবৈধ গণনিয়োগ বন্ধ করতে ধারাবাহিকভাবে আন্দোলন করছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এরই ধারাবাহিকতায় শিক্ষকরা গতকাল বৃহস্পতিবার মৌন মিছিল ও সমাবেশ করেছে। এদিকে ছাত্রলীগের সমর্থকদের চাকরির দাবিতে আবারো বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা শুরু হয়েছে। নিজেদের তালিকা অনুযায়ী সবার চাকরি নিশ্চিত করতে গত বুধবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন বন্ধ করে দিয়েছে চাকরি প্রত্যাশী ছাত্রলীগ নেতাকর্মী ও বহিরাগতরা। ফলে গতকাল বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, পরিবহন চলাচল স্বাভাবিক করতে একটি প্রতিনিধি দল ঝিনাইদহ পরিবহন মালিক সমিতির কাছে পাঠানো হয়েছে।