মায়ের ফিরে আসার অপেক্ষায় নূসরাত !

রাজধানীর কমলাপুরে মেয়ের সামনে বাস চাপায় মা রোকসানা বেগম লায়লার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বাস চালক ও তার সহকারীকে বৃহস্পতিবার রাত পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। গতকাল বাদ আছর জানাজা শেষে মাতুয়াইল কবরস্থানে রোকসানাকে দাফন করা হয়েছে। এদিকে মেয়ে নূসরাত সামিয়া এখনও বুঝতে পারেনি যে তার মা এই পৃথিবীতে নেই। মায়ের কথা জানতে চাইলে, নূসরাত বলে যে তার মা বারডেমে চিকিত্সার জন্য গেছেন, আবার ফিরে আসবেন। গতকাল যুক্তরাষ্ট্র ও অষ্ট্রিয়া প্রবাসী দুই ভাই আশরাফ উদ্দিন জুয়েল ও আমিনুল ইসলাম দেশে ফেরার পর রোকসানাকে দাফন করা হয়। বড় ভাই মনির হোসেন মোল্লা জানান, দাফনের জন্য বারডেম থেকে রোকসানার লাশ এ্যাম্বুলেন্সে করে বাড়িতে আনা হয়। আবার এ্যাম্বুলেন্সে করেই লাশ কবরস্থানে নেয়া হয়। নূসরাত এ দৃশ্য দেখে ধারণা করছে যে, তার মাকে বারডেমে চিকিত্সার জন্য নেয়া হয়েছে। কিন্তু এভাবে আর কয়দিন নূসরাতকে ভুলিয়ে রাখা যাবে ? গত মঙ্গলবার সকালে দক্ষিণ কমলাপুর সড়কে মেয়ের সামনে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হন রোকসানা। শাজাহানপুর থানার ওসি জিয়াউজ্জামান জানান, আনন্দ পরিবহনের ওই বাসের চালক ও হেলপারের নাম জানা গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।