চব্বিশ ঘণ্টা গেল না সুর পাল্টে এরশাদ বললেন, নির্বাচনে যাব
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৯
‘বিএনপি নির্বাচনে না এলে আমরাও নির্বাচনে অংশ নেব না, কারণ এরকম নির্বাচনে অংশ নিলে আমরা দালালে পরিণত হবো, আমরা দালাল হতে চাই না, ধ্বংস হয়ে যাবো, তবুও দালাল হবো না’—এই বক্তব্য দেয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যেই জাতীয় পার্টি (এরশাদ) চেয়ারম্যান এইচ এম এরশাদ বললেন, ‘নির্বাচন হলে জাতীয় পার্টি অংশ নেবে।’
বুধবার সিলেটে দলীয় সম্মেলনে নির্বাচনে বিএনপি না গেলে জাপাও অংশ নেবে না বলে ঘোষণা দেন এরশাদ। সিলেট থেকে গতকাল ঢাকায় ফিরে বিকালেই তার কণ্ঠে ভিন্ন সুর। গতকাল রাজধানীর হোটেল সুন্দরবনে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় ও জেলা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বললেন, ‘দুই নেত্রী ও দুই দলের ওপর মানুষ বিরক্ত। মানুষ এখন পরিবর্তন চায়। আমরাই সে পরিবর্তন দেবো। নির্বাচন হলে আমরা অংশ নেবো। জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে জনগণের আশা পূরণ করবো।’
২৪ ঘণ্টাও পার হলো না, এর মধ্যেই এরশাদের বিপরীত অবস্থান দেখে খোদ জাপার-ই একাধিক নেতা সন্ধ্যায় টেলিফোনে ইত্তেফাককে বলেন, ‘ভাই এটা কোন্ দল করি! কার দল করি! মানুষ আমাদের কী ভাববে! সকালের কথা বিকেল পর্যন্ত ঠিক থাকে না, বিকেলের কথা রাতেই উল্টে যায়, মানুষ তো হাসাহাসি করছে, আজ আবার কোন্টা বলবেন, সেটিও ঠিক নেই।’
কোনো দলের নাম উল্লেখ না করে জাপা চেয়ারম্যান বলেন, ‘সবচেয়ে ধিকৃত দল কোনিট তা আমি মুখে বলতে চাই না। তারা নির্বাচনে ৪০ শতাংশ ভোট পায়। এবার পাবে ২০ শতাংশ ভোট।’
জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আমরা সরকার গঠন করবো। জাতীয় পার্টি সরকার গঠন করার পর আমাদের বিশ্রাম হবে।
যুবসংহতির আহ্বায়ক আলমগীর শিকদার লোটনের সভাপতিত্বে সভায় জাপার প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জিয়াউদ্দিন বাবলু ও এসএম ফয়সল চিশতী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব সংহতির সদস্য সচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া।