বিশ্ব পর্যটন দিবস আজ
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৯
আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। ‘সার্বজনীন ভবিষ্যত্ সুরক্ষায় পর্যটন ও পানি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছরেও বিশ্ব পর্যটন দিবস উদযাপন করবে বাংলাদেশ।
এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক বাণীতে বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, পানির অপচয়, অপব্যবহার ও যথাযথ ব্যবস্থাপনার অভাবে অমূল্য পানি সম্পদ ক্রমান্বয়ে হুমকির মুখে পতিত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের মত স্বল্পোন্নত দেশগুলোতে বিশুদ্ধ, নিরাপদ ও ব্যবহারযোগ্য পানি সম্পদের নিশ্চয়তা চরম বিপর্যয়ের সম্মুখীন। একটি প্রযুক্তিনির্ভর টেকসই ‘পানি ব্যবস্থাপনা’ কৌশল প্রবর্তনের মধ্য দিয়ে পর্যটন শিল্পের উন্নয়নসহ সকলের জন্য ভারসাম্যপূর্ণ পানিসম্পদ নিশ্চিত করা সম্ভব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, প্রকৃতির অপার দান আমাদের এই পানিসম্পদকে রক্ষায় গণসচেতনতা সৃষ্টিসহ কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকার দেশবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত এবং দেশের পর্যটন শিল্পের বিকাশে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিবেশী দেশগুলোর সাথে অভিন্ন নদীর পানির ন্যায্য অধিকার আদায়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।