আমরা দুই দলের প্রতীকে অন্ধ
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:২০
সংবিধানের অন্যতম রচয়িতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বড় দুই দল মনে করে দেশ তাদের নিজস্ব সম্পত্তি। সংবিধানে কোনো দলকেই রাষ্ট্রের মালিকানা লিখে দেয়া হয়নি। রাষ্ট্র ১৬ কোটি জনগণের সম্পত্তি। কিন্তু আমরা দু’দলের প্রতীকে অন্ধ হয়ে গেছি। অন্ধ হয়ে হাত তোলা রাজনীতি করে কোনো লাভ নেই। এতে গণতন্ত্রেরও কিছু নেই। এটি ভয়াবহ স্বৈরতন্ত্র উত্থানের আলামত। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় পার্টি আয়োজিত ‘চলমান রাজনৈতিক সংকট নিরসনে নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জনগণের উদ্দেশে ড. কামাল বলেন, জনগণের কাছে বিকল্প চিন্তা থাকা প্রয়োজন। এক দল বা দুই দল নয়। যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করা উচিত, মার্কা নয়। মার্কার রাজনীতি বাদ দিয়ে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলে দেশ ও গণতন্ত্রের জন্যই মঙ্গল।
অনুষ্ঠানে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন, সরকার যেমন দেশ চালাতে শতভাগ ব্যর্থ হয়েছে, তেমনি প্রধান বিরোধী দল হিসেবে বিএনপিও জনগণের পাহারা দিতে হাজার ভাগ ব্যর্থ। তাই এ দু’দলের বাইরে বিকল্প শক্তির বলয় গড়ে তুলতে হবে।
বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা ডা. এম.এ মুকিতের সভাপতিত্বে মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবু সায়ীদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ও বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব বি এম নাজমুল হক প্রমুখ বক্তব্য রাখেন।